Musafir Cafe

Musafir Cafe: সময়, সম্পর্ক আর অপূর্ণতার গল্প

মুসাফির ক্যাফে – রিভিউ

কিছু কিছু গল্প থাকে, যা দেখার পর অনেকক্ষণ চুপ করে বসে থাকতে হয়। কোনো সংলাপ মনে থাকে না, কোনো দৃশ্য মনে থাকে না—শুধু একটা অনুভূতি থেকে যায়, বুকের ভেতর কোথাও একটা চাপা ব্যথার মতো। Musafir Cafe আমার কাছে ঠিক তেমনই একটা অভিজ্ঞতা। আমরা বছরের পর বছর ধরে অনেক প্রেমের ত্রিভুজের গল্প দেখেছি, কিন্তু তাদের বেশিরভাগই ছিল ফিচার ফিল্ম ফরম্যাটে। তাই মুসাফির ক্যাফে ওটিটি জগতে একটা সুখকর পরিবর্তন নিয়ে আসে, কারণ এটি সেই পরিচিত ফর্মুলাকে মিষ্টি ও আকর্ষণীয় চরিত্রের মাধ্যমে ৮টি এপিসোডে বিস্তৃত করেছে, অথচ কোথাও একঘেয়ে লাগেনি। সিরিজটি পরিচালনা করেছেন রুচির অরুণ, লিখেছেন শারন্যা রাজগোপাল। গল্প ছড়িয়ে আছে ভোপাল আর কুয়াশাঢাকা মুসৌরির মধ্যে—চমৎকার দুটো শহর, অতীত আর বর্তমানের প্যারালাল দুটো সময়, তিনটে জীবন। চন্দর আর সুধার মধ্যে প্রথম দেখাতেই এক অদ্ভুত টান তৈরি হয়। কিন্তু সময় সবসময় ভালোবাসার পক্ষে কথা বলে না। বছর কয়েক পর দেখা যায় চন্দর পাহাড়ের কোলে একটা ছোট্ট ক্যাফে চালাচ্ছে, পাশে আছে প্রীতি—যার সঙ্গে তার সম্পর্কটা শান্ত, স্থির, নির্ভরতার। অথচ সুধার স্মৃতি তখনও তাকে ছাড়েনি। সিরিজটিতে রয়েছে প্রচুর আদুরে মুহূর্ত, ছবির মতো সুন্দর লোকেশন, কাব্যিক সংলাপ, আধুনিক যুগের ফ্লার্টিং ও ডেটিং। এবং অবশ্যই সেই কয়েক দশক আগের পুরনো প্রেমের ত্রিভুজ ফর্মুলা—যা সামান্য টুইস্ট দিয়ে শেষ হয় এবং পরবর্তী সিজনের জন্য জায়গা রেখে দেয়।

মুসাফির ক্যাফে – গল্প

গল্পটি এগিয়ে চলে চন্দর (বিক্রান্ত ম্যাসি)-কে ঘিরে, যিনি লজিস্টিক্স বিভাগে কর্মরত একজন ইঞ্জিনিয়ার, তবে গৎবাঁধা জীবন নিয়ে কিছুটা ক্লান্ত। তাঁর সাথে দেখা হয় সুধা (বেদিকা পিন্টো)-র, যিনি প্রথম দেখাতেই তাঁকে প্রত্যাখ্যান করেন এই বলে যে তিনি বিয়ে করতে চান না। সুধা পেশায় একজন ডিভোর্স আইনজীবী—কোর্ট প্রাঙ্গণে এত বিশ্রীভাবে মানুষের বৈবাহিক সম্পর্কের ভাঙন দেখেছেন যে তা-ই তাকে বিয়ে না করার সিদ্ধান্তে পৌঁছে দিয়েছে, যা আমার কাছে যথেষ্ট যুক্তিসঙ্গতই মনে হয়েছে। তবে ঘটনাচক্রে দুজনেই একে অপরের প্রেমে পড়েন, যদিও তাঁদের জগৎ আর স্বপ্ন সম্পূর্ণ ভিন্ন। তাঁরা সম্পর্কটাকে একটা সুযোগ দেন, কিন্তু দুর্ভাগ্যবশত তা টেকে না। বছর কয়েক পর, চন্দর মুসৌরিতে “মুসাফির ক্যাফে” নামে একটা ক্যাফে চালায় তার সঙ্গী প্রীতি (মহিমা মাকওয়ানা)-র সাথে, যে তাকে ভালোবাসে। সে কি তার কাঙ্ক্ষিত ও প্রাপ্য ভালোবাসা পাবে? চন্দর কি সুধাকে ভুলে এগিয়ে যেতে পারবে? আর সুধা এখন কী করছে? সিরিজটি ধীরে ধীরে এসব প্রশ্নের উত্তর দেয়। গল্পের গতি মাঝেমধ্যে একটু ধীর লাগতে পারে, কিন্তু ঠিক এই ধীরতাই সিরিজটার সবচেয়ে বড় শক্তি। এটা তাড়াহুড়ো করে কিছু বলতে চায় না। জীবনের মতোই ধীরে ধীরে, নিঃশব্দে সময় নিয়ে বলা এক অসম্ভব রকমের ত্রিভুজ প্রেমের গল্প।

মুসাফির ক্যাফে – বিশ্লেষণ

মুসাফির ক্যাফে খুব লম্বা নয়; এতে ৮টি এপিসোড আছে, গড় রানটাইম ২৭-২৯ মিনিট, শেষ এপিসোডটি প্রায় ৪০ মিনিট পর্যন্ত গড়ায়—তবুও দেখা শেষে আরও দেখতে ইচ্ছে করে। এটা একঘেয়ে নয়, তবে মাঝে মাঝে কিছুটা পুরনো ধাঁচের মনে হয়, কারণ আমরা এমন চরিত্রের প্রেমকাহিনি আগেও অনেক দেখেছি। এটা স্বাভাবিক, আর প্রেম একটা সর্বজনীন অনুভূতি। শারন্যা রাজগোপাল একটা মোটামুটি ভালো গল্প লিখেছেন যা ২০০ মিনিটেরও বেশি সময় ধরে দর্শককে ধরে রাখে। মাঝের অংশে সুধা আর চন্দরের সম্পর্কের দ্বন্দ্বটা বেশ পরিণতভাবেই ফুটিয়ে তোলা হয়েছে বলে আমার মনে হয়েছে। সুধার বিয়ে থেকে পালিয়ে বেড়ানোর ভয়, আর চন্দরের তাকে বিয়ে করে পাশে থাকতে চাওয়ার আকুতি—এই দুইয়ের মধ্যেকার টানাপোড়েনটা বেশ বাস্তবসম্মতভাবে দেখানো হয়েছে। একজন ইঞ্জিনিয়ার আর একজন আইনজীবী—দুজনেই শিক্ষিত, বিচক্ষণ মানুষ—তবু ভালোবাসার সামনে তাদের এই দ্বিধা মোটেও অস্বাভাবিক লাগেনি, বরং সম্পর্কের জটিলতাকেই আরও গভীরভাবে তুলে ধরেছে। তবে শেষটা চাইলে আরও শক্তিশালী হতে পারত। আটটা এপিসোডে সময় ব্যয় করার পর দর্শক একটা আরও দৃঢ় পরিসমাপ্তি আশা করে, কিন্তু লেখকের ভাবনা যেন অন্যরকম। ইতিবাচক দিক থেকে বলতে গেলে, কথোপকথন, স্বাভাবিক প্রবাহ, আর জীবনঘনিষ্ঠ পরিস্থিতিগুলো গল্পটাকে স্থিতিশীল রাখে। এর মিষ্টি ভাবটাই আসলে একে বিশেষ করে তোলে।

মুসাফির ক্যাফে – অভিনয়

বিক্রান্ত ম্যাসি তাঁর ক্লিন-শেভড লুকে সহজাতভাবেই আকর্ষণীয় ও মুগ্ধকর। পরে তাঁর দাড়িওয়ালা লুক চরিত্রে এক ধরনের পরিণতি আর গাম্ভীর্য যোগ করে। বেদিকা পিন্টোকে দেখতে অসম্ভব সুন্দর লাগে—তাঁর থেকে প্রকৃত অর্থেই চোখ সরানো মুশকিল। তবে একটা সমস্যা হলো, চন্দরের চরিত্রে বয়স বাড়ার ছাপ স্পষ্ট বোঝা গেলেও, বেদিকার চরিত্রকে আট বছর পরেও প্রায় অপরিবর্তিত দেখায়। মহিমা মাকওয়ানা তাঁর গোলাপি গাল আর উষ্ণ হাসি দিয়ে দর্শকের মন জয় করবেন নিঃসন্দেহে। কিছু ক্লোজ-আপ শটে তাঁকে ততটা মানায়নি, তবে সামগ্রিকভাবে তাঁর অভিনয় ভালো ছিল। আদিল হুসেন, রাজীব সিদ্ধার্থ ও অন্যান্যরাও পার্শ্ব চরিত্রে ভালো অভিনয় করেছেন।

কেন এই সিরিজ হৃদয় ছুঁয়ে যায়

Musafir Cafe আসলে প্রেমের গল্প বলে না, বলে দুটি মানুষের কঠিন সিদ্ধান্তের গল্প। ভালোবাসা মানেই কি বিয়ে? পরিবারের দায়িত্ব আর নিজের স্বপ্ন—দুটোর মধ্যে যেকোনো একটি বেছে নেওয়া কতটা কঠিন? যাকে ছেড়ে এসেছি, তার জন্য মন যে এখনও কাঁদে—সেটা মেনে নেওয়ার সাহসটাই বা কোথায় পাওয়া যায়? সিরিজটা এই প্রশ্নগুলোর সরাসরি কোনো সহজ উত্তর দেয় না। বরং প্রশ্নগুলো নিয়েই গল্পের পাত্র-পাত্রীদের বাঁচতে শেখায়। সময় এখানে একটা চরিত্রের মতো কাজ করে। অতীত আর বর্তমান পাশাপাশি বয়ে চলে, আর দর্শক হিসেবে বুঝতে পারি—আমরা যাকে “হারানো” বলি, সে আসলে হারায় না, শুধু এক রূপ থেকে অন্য এক রূপে পরিবর্তিত হয়। চন্দরের নিজেকে খুঁজে পাওয়ার যাত্রা, সুধার স্বাধীনচেতা মনের লড়াই, আর প্রীতির নিঃশব্দ ভালোবাসা—এই তিনটে জীবনই যেন আমাদের নিজেদের জীবনের কোনো না কোনো অংশের প্রতিচ্ছবি। আপনি নিজেকে বারবার খুঁজে পাবেন “মুসাফির ক্যাফে”-র গল্পের প্রতিটি ভাঁজে ভাঁজে।

শেষ কথা

বহু বছর পর এমন একটা গল্প দেখলাম, যেখানে কোনো তাক লাগানো ভৌতিক কিংবা অলৌকিক টুইস্ট দিয়ে নয়, বরং মানুষের সাধারণ, ভঙ্গুর, সত্যিকারের অনুভূতি দিয়ে মন ছুঁয়ে গেছে। Musafir Cafe আমাদের মনে করিয়ে দেয়—আমরা সবাই আসলে মুসাফির। কেউ কারো জীবনে থেকে যায়, কেউ চলে যায়। কিন্তু প্রতিটা দেখা, প্রতিটা বিচ্ছেদ আমাদের একটু একটু করে আরও পরিণত করে গড়ে তোলে। যারা জীবন, সম্পর্ক আর সময়ের নিরিখে গল্প খুঁজছেন, তাদের জন্য Musafir Cafe একটা অবশ্যদর্শনীয় সিরিজ। শুধু দেখার জন্য নয়, অনুভব করার জন্যও বটে।


ফিল্মি রিভিউ সম্পর্কে অন্যান্য লেখা –


শেষ পর্বে সব জটই খুলে যায় না, বরং কিছু প্রশ্ন খোলা রেখেই সিরিজটা থেমে যায়—যেন দ্বিতীয় সিজনের জন্য অপেক্ষা করতে বলছে। প্রথমে এটা একটু অতৃপ্তির মতো লেগেছিল, কিন্তু পরে মনে হলো—জীবনেও তো সব গল্পের সমাপ্তি হয় না। কিছু সম্পর্ক অসমাপ্তই থেকে যায়, আর সেটাই হয়তো সবচেয়ে বাস্তব। সিরিজটিতে সুধার একটি সংলাপ বারবার ঘুরেফিরে এসেছে—”কিসি কি হোনে কা আসার হামপে উতনা হি হোতা হ্যায়, জিতনা কি উনকে না হোনে কা”—যার অর্থ, “একবার কাউকে ভালোবেসে ফেললে, সে সারাজীবনের জন্য শরিক হয়ে থাকে, সে যত স্বল্পই হোক না কেন।” আসলে প্রেমের পরিণতিটা কোনোদিনই গুরুত্বপূর্ণ নয়, দুজনের একসাথে চলার পথটুকুই যেন শেষ সম্বল হয়ে থেকে যায়। চন্দরের কথায়, “প্রেম-ভালোবাসায় সঠিক কিংবা ভুল বলে কিছু নেই।” তবুও প্রশ্ন থেকে যায়—সত্যিকারের প্রেম সবসময় “সঠিক” হবে, কে বলেছে? সব মিলিয়ে, মুসাফির ক্যাফে একটি মিষ্টি, গভীর ও মন-ছুঁয়ে-যাওয়া প্রেমকাহিনি—যা বারবার দেখার মতো, মনে গেঁথে থাকার মতো।

ব্যক্তিগত রেটিং –

কাহিনীঃ ৮/১০

অভিনয়ঃ ৯/১০

সিনেমেটোগ্রাফীঃ ১০/১০

০৮/০৮/২০২৬, ০১.৪০ AM

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top